আন্তর্জাতিক

মেয়ের জামাই’র ২৫ বিয়ে, শ্বশুর জানলেন আড়াই বছর পর

আন্তর্জাতিক ডেস্ক

বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি ছবি: সংগৃহীত

মেয়ের বিয়ের পর জামাতার অতীত খুঁজতে গিয়ে চমকে ওঠেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্র ঘেঁটে তিনি জানতে পারেন, ভুয়া পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এমনকি প্রায় ২৫টি বিয়েরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় বিধায়কের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রখর ত্রিবেদী ও তার বাবা অনুজ ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বিধায়কের অভিযোগের পর অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট মেয়েকে পাশে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে প্রতারণার অভিযোগ তুলেছিলেন জ্ঞান তিওয়ারি।

রেউসা থানায় করা অভিযোগে বিধায়ক জানান, ২০২৪ সালে উত্তর প্রদেশের মিসরিখের চন্দ্রওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখরের সঙ্গে তার মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তার ছেলের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যও গোপন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

জ্ঞান তিওয়ারির দাবি, বিয়ের আগে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রভাবশালী কয়েকজনের কাছ থেকেও ইতিবাচক তথ্য পাওয়া গিয়েছিল। সেসব তথ্যের ভিত্তিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখরের অতীত সম্পর্কে জানতে পারে তার পরিবার।

অভিযোগে বলা হয়েছে, প্রখর ভিন্ন পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতেন এবং পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে এভাবে প্রতারণা করে প্রায় ২৫টি বিয়ে করেছেন বলেও অভিযোগ করেছেন বিধায়ক।

ঘটনার পর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের কাছে ফিরিয়ে আনেন জ্ঞান তিওয়ারি। একই সঙ্গে ওই পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি।

বিধায়কের দাবি, এই ঘটনায় তার পরিবার গভীরভাবে মানসিক আঘাত পেয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জ্ঞান তিওয়ারি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজেপি বিধায়ক #জ্ঞান তিওয়ারি #২৫ বিয়ে #মেয়ের জামাই