ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। আগামী ১৭ আগস্ট এ সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই নতুন মেয়াদ নির্ধারণে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
বুধবার (১২ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে দুই দেশ মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের সম্মতির কথা জানিয়েছে।
গেল এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরে ১৭ জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় আলোচনা একপর্যায়ে স্থবির হয়ে পড়ে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অন্যতম প্রধান ইস্যু।
এর মধ্যে ৮ থেকে ২৪ জুলাই দুই দেশের মধ্যে ফের সামরিক সংঘাতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালানোর দাবি করে।
বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশ আবারও কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে নতুন যুদ্ধবিরতি কতদিনের হবে এবং হরমুজ প্রণালি নিয়ে বিদ্যমান বিরোধের সমাধান কীভাবে হবে, তা এখনো স্পষ্ট হয়নি।
এমএ//