চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার বাবা তাজুল ইসলাম ও মায়ের নাম আমেনা বেগম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের অভিভাবকেরা থানায় আসেন।
ওসি রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দীন জানান, মেয়েটি তার মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। সে আজকে মাদ্রাসায় আসেনি সে কিন্তু সে বাসাথেকে বের হয়েছিল মাদ্রাসার উদ্দেশ্যে এবং তার পরনেও মাদ্রাসার পোশাক ছিল।
আই/এ