নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে আরও চারজন আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসকের নারান্দীয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পূর্বধলা থেকে একটি পিকআপ ভ্যান নেত্রকোনার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রাহঃ) এর মাজারে কিছু ভক্ত আশেকান নিয়ে দিকে যাচ্ছিল। অপরদিকে নেত্রকোনা থেকে সার বুঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার সময় নারান্দীয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও তিন পুরুষ নিহত হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ