দেশে স্নায়ুরোগের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হচ্ছে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। নতুন ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা দাঁড়াবে ১ হাজারে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অধিকাংশ চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছে। ১৫ তলা ভবনটির তিনটি তলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। সেখানে পার্কিং ও বিভিন্ন সার্ভিস সুবিধা রয়েছে। বাকি ১২ তলায় থাকছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট।
নতুন ভবনে রয়েছে ৪০ শয্যার আইসিইউ, ২০ শয্যার এইচডিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও অন্যান্য কারণে মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীদের জন্য থাকছে ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট। এখানে ২৪ ঘণ্টা অস্ত্রোপচারের সুবিধাও থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন ভবনে চারটি অপারেশন থিয়েটার রয়েছে। এর মধ্যে দুটি মডুলার ওটি। রোগীদের জন্য একাধিক ভেন্টিলেটর, ক্যাথল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয়েছে। রয়েছে পৃথক অক্সিজেন প্ল্যান্ট, আধুনিক অটোক্লেভ এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম।
ভবনটিতে রোগী স্থানান্তরের সুবিধার জন্য এক থেকে তিনতলা পর্যন্ত স্কেলেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি কোনো হাসপাতালে এ ধরনের সুবিধা প্রথমবারের মতো যুক্ত হচ্ছে।
চিকিৎসকরা জানান, এই হাসপাতালে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোকের রোগীরা। এছাড়া সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগী, পারকিনসন্স, ডিমেনশিয়া, জিবিএস, মৃগী ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন নিউরোলজিক্যাল রোগের চিকিৎসাও দেওয়া হয়। শিশু থেকে বয়স্ক—সব বয়সী রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, নতুন ভবন চালু হলে আরও ৫০০ রোগীর চিকিৎসার সুযোগ তৈরি হবে। বর্তমানে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। নতুন ভবন চালু হলে এ সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।
তিনি আরও বলেন, নিউরো রোগীদের চিকিৎসাসেবা বাড়ানোর লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার তার জন্মদিনে তার ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনের উদ্বোধন করবেন।
তথ্যসূত্র: বাসস
এমএ//