দেশজুড়ে

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জাহাজ কাটার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফেরদৌস ওয়াহিদ জানান, এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ শ্রমিক আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। 

তিনি আরও জানান ট্যাংকারে কীভাবে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হলো এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না—তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #সীতাকুণ্ড