দেশজুড়ে

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ধর্ষণচেষ্টার পর গুলি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর ছেলে  মোঃ নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল। এছাড়া তার পুত্রবধু রেজবিকে (১৮) ধর্ষণের চেষ্টা করে ডাকাত দল। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, ঘরে থাকা ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর তিনটার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসীর স্ত্রী মোসা রুমা বেগম বলেন, তারা রাতের খাবার খেয়ে ঘরের সবাই  ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিন পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিলো।

পরে তাদের সবাইকে হাত ও পা বেঁধে বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাটুর উপরে গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে মালামাল লুট করে।

ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করেন।

ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #ডাকাতি #গুলি