চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বীজগুলো কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও ওই জামায়াত নেতা তা বিতরণ করেননি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। পাশাপাশি তিনি মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার হিসেবে (অধ্যক্ষ) দায়িত্বরত রয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য কৃষকদের দুই প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। আরও প্রায় ১৫ দিন আগে বীজগুলো কৃষকদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও কেন সময়মতো বিতরণ করা হয়নি এবং কীভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে সংরক্ষিত ছিল, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আভিযুক্ত শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য দেয়া ১৭ বস্তা বীজের মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজগুলো তিনি ব্যস্ততার কারণে সময় মত বিতরণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আর/আই