আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোনে কাঁপল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কো সংলগ্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৫ আগস্ট) রাতভর চালানো এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ একে অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভোরোবিওভ জানান, পোদলস্ক এলাকায় হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। একই এলাকায় রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা হয়েছে।

এ ছাড়া দোমোদেদোভো শহরের একটি গুদামসহ আরও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দোমোদেদোভো মস্কোর অন্যতম প্রধান বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ইউক্রেনের ৮২২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রয়টার্সের ধারণ করা হামলার পরের ভিডিওতে দেখা গেছে, মস্কো থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে ওয়াইল্ডবেরিজের কোলেদিনো গুদাম এলাকায় ব্যাপক ধোঁয়া উঠছে।

সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

কিয়েভের অভিযোগ, প্রতিষ্ঠানটি রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত। রাশিয়ার সামরিক অভিযানকে সহায়তা করছে—এমন অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #মস্কো #হামলা #ড্রোন