জাতীয়

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের অব্যবহৃত পুকুর, হাওর, বিল ও অন্যান্য জলাশয় সংস্কার করে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি এসব জলাশয় স্থানীয় তরুণদের মধ্যে বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর-বাওড়সহ অসংখ্য জলাশয় রয়েছে। অল্প জমি ব্যবহার করে এসব জলাশয়ে মাছ চাষের মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়ার বড় সুযোগ রয়েছে। দেশের যেসব পুকুর, হাওর, বিল ও অন্যান্য জলাশয় অব্যবহৃত পড়ে আছে, সেগুলো সংস্কার করে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মিঠাপানির মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

তিনি বলেন, মৎস্য চাষ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছ চাষ, আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়কে ঘিরে বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

মৎস্যখাতে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, মৎস্যচাষি ও বিভিন্নভাবে সম্পৃক্ত সবাই দেশের এই অর্জনের দাবিদার। যারা আজ পুরস্কৃত হয়েছেন, তাদের পাশাপাশি মৎস্যখাতের সঙ্গে যুক্ত প্রত্যেককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করেন। পরে মৎস্যখাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান #জাতীয় মৎস্য পক্ষ ২০২৬