প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীত বিবেচনা করে তাদের চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কী করছে- সেদিকে নজর রাখতে হবে। আমরা দেখেছি একাত্তরে তাদের ভূমিকা কী ছিল। আমরা দেখেছি ছিয়াশি সালে তাদের ভূমিকা কী ছিল। আমরা দেখেছি ছিয়ানব্বই সালে তাদের ভূমিকা কী ছিল।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদ,মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের আমরা রাজপথে দেখিনি। আন্দোলনে বিএনপিসহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদের আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখি নাই।
তিনি বলেন, আজকে এরা সংস্কারের কথা বলছে। বিএনপি ২০২২ সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে। এই দেশে সবচেয়ে প্রথম বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বেই সংস্কারের প্রস্তাবনা মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম- আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এইজন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না।
আই/এ