মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
পুলিশ জানায়, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ৬ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়।
পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধিকা আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় রিধিকার মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতেই হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আর/আই