আন্তর্জাতিক

ইরানি ড্রোনে নিজের কার্যালয়ে হামলার দাবি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি দাবি করেছেন, ইরানি ড্রোন হামলায় তার ব্যক্তিগত কার্যালয় এবং কুর্দিস্তানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্যবস্তু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বারজানি জানান, কুর্দিস্তান সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তে ইরানি ড্রোন হামলার বিষয়টি উঠে এসেছে। তার দাবি, আজ সকালে তার ব্যক্তিগত কার্যালয় এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানের বাড়িতে এসব হামলা চালানো হয়।

হামলার নিন্দা জানিয়ে বারজানি ঘটনাটিকে ‘বেপরোয়া ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের হামলা কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি ‘বিপজ্জনক উত্তেজনা’ তৈরি করেছে।

কুর্দিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, তার কার্যালয় ও নিরাপত্তা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে হামলা চালানো সরাসরি কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। তবে এসব হামলা কর্তৃপক্ষকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না।

বারজানি জানান, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা এবং অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে কুর্দিস্তান আঞ্চলিক সরকার তার কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে গত প্রায় পাঁচ মাস ধরে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও। যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে বলে জানা গেছে।

এই সংঘাতের মধ্যে কুর্দিস্তান অঞ্চল ইরাকের ভেতরে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় পরিণত হয়েছে। ফলে সেখানে সামরিক হামলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।

বারজানির অভিযোগ অনুযায়ী, সর্বশেষ হামলায় কুর্দিস্তান সরকারের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। এতে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

তবে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #উত্তর ইরাক #কুর্দিস্তান #প্রধানমন্ত্রী মাসরুর বারজানি #ইরান #ড্রোন হামলা