চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার সোনা মসজিদ ডাকঘরের বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মতিউর রহমান জানান, কালভার্ট নির্মাণকাজ চলায় সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো।ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব।পথে মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
আর/আই