খেলাধুলা

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস? গুঞ্জনের পেছনের আসল ঘটনা

স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠে তার বাঁ পায়ের জাদু, দুর্দান্ত ফ্রি-কিক আর অবিশ্বাস্য গতির দৌড়- সব মিলিয়ে রবার্তো কার্লোসকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েই ছড়িয়েছিল বড় ধরনের আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা।

তবে সেই জল্পনায় এবার নিজেই পানি ঢেলে দিলেন রবার্তো কার্লোস। ইসলাম গ্রহণের খবরকে সরাসরি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই লেফটব্যাক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদপত্র ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন কার্লোস।

তিনি বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। স্ত্রীকে নামাজ পড়তে দেখতেও তার ভালো লাগে। তবে নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সত্য নয়।

কার্লোসকে ঘিরে এই গুঞ্জনের শুরু অবশ্য আরও আগে।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, কয়েক সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তি শেখ জিহাদ হামাদের সঙ্গে দেখা করেছেন তিনি। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ছবিও। সেখানে একজন কাজির উপস্থিতিতে ইসলামি রীতিতে বিয়ের আয়োজন দেখা যায়, আর ছবিতে ছিলেন রবার্তো কার্লোস।

এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা হয়, স্ত্রীর ধর্ম অনুসরণ করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস এবং ইসলামি রীতিতে বিয়েও করেছেন তিনি।

সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে বিয়ের পরই মূলত এই আলোচনা আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোও সেই সন্দেহকে উসকে দেয়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সরাসরি ব্যাখ্যা দিতে হয় ব্রাজিলের সাবেক তারকাকে।

বিয়ের অনুষ্ঠান সম্পর্কে কার্লোস জানান, তাদের বিয়েতে একাধিক আয়োজন ছিল। পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনুষ্ঠান করা হয়, কারণ পরিবারের সদস্যরা ক্যাথলিক ধর্মাবলম্বী। পাশাপাশি তার স্ত্রী ও স্ত্রীর মুসলিম বন্ধুদের জন্য আলাদাভাবে আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

ব্যক্তিজীবন নিয়ে এই আলোচনা অবশ্য রবার্তো কার্লোসের দীর্ঘ ও বর্ণিল ফুটবল ক্যারিয়ারের তুলনায় একেবারেই ভিন্ন অধ্যায়। ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৯৮ সালের বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলেও তার অর্জনের তালিকা দীর্ঘ।

রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও উয়েফা সুপার কাপ। বিশেষ করে দুর্দান্ত গতির ফ্রি-কিক, শক্তিশালী শট এবং আক্রমণাত্মক ফুটবলের কারণে বিশ্বজুড়ে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই ব্রাজিলিয়ান।

 

মাঠের সেই কিংবদন্তির ব্যক্তিগত জীবন নিয়েও তাই ভক্তদের কৌতূহল স্বাভাবিক। তবে ইসলাম গ্রহণ নিয়ে সাম্প্রতিক যে আলোচনা তৈরি হয়েছিল, রবার্তো কার্লোসের স্পষ্ট বক্তব্যের পর আপাতত সেই গুঞ্জনের অবসানই হলো।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রবার্তো কার্লোস #ইসলাম ধর্ম