আন্তর্জাতিক

হাইতিতে গ্যাং হামলায় নিহত ৪৭, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছের কেনস্কফ এলাকায় সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। 

সোমবার (২৫ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের হাইতি বিষয়ক সমন্বিত কার্যালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কেনস্কফ একটি কৌশলগত পাহাড়ি এলাকা। এখান থেকে রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ কয়েকটি পথ দেখা যায়। গত বছর থেকে এলাকাটিতে গ্যাংয়ের একাধিক হামলা হয়েছে। এসব সহিংসতার কারণে এরই মধ্যে হাজারো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

হাইতির মানবাধিকার সংগঠন আরএনডিডিএইচ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হামলা শুরু হয়। তাদের প্রাথমিক হিসাবে ৩০ থেকে ৪০ জন নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। 

এছাড়া হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

হামলার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হামলা হলেও নিরাপত্তা বাহিনী তাদের রক্ষা করতে পারেনি। এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রধানের পদত্যাগের দাবিও উঠেছে।

হাইতি সরকার হামলাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে কেনস্কফে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এলাকাটিকে পরিত্যক্ত অবস্থায় রাখা হবে না এবং সেখানে দ্রুত সরকারি নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

কেনস্কফে ২০২৫ সালের শুরুর দিকে প্রায় দুই মাস ধরে চলা গ্যাং সহিংসতায় ২৬০ জনের বেশি মানুষ নিহত হন। এ সময় প্রায় ২০০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং জাতিসংঘের হিসাবে প্রায় ৩ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাইতি