ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ তুলনামূলক কম থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে (জিএমটি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ১ শতাংশ কমে ৯১ দশমিক ২৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৮৪ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়।
এর আগে সোমবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ২ দশমিক ৩৫ শতাংশ কমেছিল। টানা প্রায় দুই সপ্তাহ দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার তাৎক্ষণিক প্রভাব সীমিত থাকবে—এমন প্রত্যাশাই দরপতনের অন্যতম কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
এর আগে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে সোমবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন। তবে এর ফলে ইরানের তেল রপ্তানি কতটা বাধাগ্রস্ত হবে, তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সরবরাহ পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল সরবরাহে তাৎক্ষণিক বড় ঘাটতি তৈরি না হলে বিশ্ববাজারে এর প্রভাব সীমিতই থাকতে পারে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা বাড়লে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সে ক্ষেত্রে তেলের বাজারে আবারও বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এমএ//