দেশজুড়ে

রংপুরে চার খুনের মামলায় মিলেছে গুরুত্বপূর্ণ আলামত: আরপিএমপি কমিশনার

বায়ান্ন প্রতিবেদন

রংপুর নগরীর আলোচিত মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ঘটনার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তদন্তকারীরা হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করার পাশাপাশি প্রত্যেকের ভূমিকা নির্ধারণ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন। এরই মধ্যে মামলার তদন্তের অংশ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত ও প্রমাণ জব্দ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান পুলিশ কমিশনার। তবে মামলার তদন্তে অগ্রগতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

প্রযুক্তিগত বিশ্লেষণ, সংগৃহীত তথ্য-উপাত্ত এবং সাক্ষীদের বক্তব্য যাচাই করে দ্রুতই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সামনে আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রংপুর #চার খুন