প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’র মঞ্চ মাতিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এবার সেই পরিচিত মঞ্চ থেকে বেরিয়ে নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার ‘বিগ বস বাংলা’র উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় এই ক্রিকেট তারকা।
ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে ‘বিগ বস বাংলা’র জমকালো উদ্বোধনী পর্ব। এরপর সোমবার (৩১ আগস্ট) থেকে প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
নতুন এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সবচেয়ে বেশি আলোচনা চলছে—এবার ‘বিগ বস বাংলা’র ঘরে কারা থাকছেন?
যদিও অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বেশ কয়েকজন তারকার নাম ঘুরছে। তাঁদের মধ্যে রয়েছেন মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল ও সংগীতশিল্পী দুর্নিবার সাহা।
এ ছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংয়ের নামও আলোচনায় রয়েছে। তবে গুঞ্জনের তালিকা থেকে শেষ পর্যন্ত কারা ‘বিগ বস’–এর ঘরে জায়গা করে নিচ্ছেন, সেটি জানা যাবে উদ্বোধনী পর্বেই। সৌরভ গাঙ্গুলী নিজেই সেই তালিকা প্রকাশ করবেন বলে জানা গেছে।
এক দশক পর আবারও ‘বিগ বস বাংলা’
ভারতজুড়ে জনপ্রিয় ‘বিগ বস’ অনুষ্ঠানের আদলে বাংলায় প্রথমবার ‘বাংলা বিগ বস’ শুরু হয়েছিল ২০১৩ সালে ইটিভি বাংলায়। প্রথম আসরে উপস্থাপকের দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন ধরে চলা সেই আসরে বিজয়ীর মুকুট পরেন অনীক ধর।
এরপর দুই বছরের বিরতি। ২০১৬ সালে নতুন আয়োজনে আবারও ফেরে অনুষ্ঠানটি। এবার উপস্থাপনার দায়িত্ব নেন অভিনেতা জিৎ। বদলে যায় সম্প্রচারমাধ্যমও; অনুষ্ঠানটি প্রচারিত হয় কালারস বাংলায়। দ্বিতীয় আসরের বিজয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
এরপর দীর্ঘ বিরতি। প্রায় এক দশক পর এবার নতুন নাম, নতুন চ্যানেল, নতুন উপস্থাপক ও নতুন বিন্যাস নিয়ে দর্শকদের সামনে ফিরছে ‘বিগ বস বাংলা’।
আর এবারের সবচেয়ে বড় চমক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের মাঠে নেতৃত্ব দেওয়ার পর দীর্ঘদিন ‘দাদাগিরি’র মঞ্চে দর্শকদের বিনোদন দিয়েছেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে কতটা উত্তাপ ও বিনোদন যোগ করতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।
এসি//