কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ২০২৬ সালের ‘এআই ১০০’ তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক থেকে শুরু করে বিনোদন জগতের প্রতিনিধিরাও জায়গা পেয়েছেন।
এআই নিয়ে টাইমের বার্ষিক এই তালিকা এবার চতুর্থবারের মতো প্রকাশিত হলো। নির্বাচিত ১০০ ব্যক্তিকে লিডারস, ইনোভেটরস, শেপারস ও থিংকারস—এই চারটি বিভাগে রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং আগামী দিনের গতিপথে যাদের প্রভাব সবচেয়ে বেশি, মূলত তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় রয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির পরিচালক ড্যানিয়েলা রুস। রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘদিনের গবেষণার জন্য পরিচিত এই গবেষক। ২০২৬ সালের তালিকায় এমআইটির আরও কয়েকজন গবেষকের পাশাপাশি জায়গা পেয়েছেন তিনি।
প্রযুক্তি বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর একাধিক প্রধান নির্বাহীকেও রাখা হয়েছে এবারের তালিকায়। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান রয়েছেন তালিকায়। এ ছাড়া রয়েছেন ইলন মাস্ক এবং অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেইসহ প্রযুক্তি খাতের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
চীনের এআই খাতও এবারের তালিকায় উল্লেখযোগ্য জায়গা দখল করেছে। বাইটড্যান্সের লিয়াং রুবো, আলিবাবার এডি উ, মুনশট এআইয়ের ইয়াং ঝিলিন, ঝিপুর ঝ্যাং পেং এবং এজিবটের ডেং তাইহুয়াসহ চীনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম রয়েছে এতে।
তবে তালিকাটি শুধু প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনের ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সৃজনশীল ও বিনোদন জগতের প্রতিনিধিরাও পেয়েছেন স্বীকৃতি। অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক ‘ইনোভেটরস’ বিভাগে জায়গা পেয়েছেন। একই বিভাগে রয়েছেন অভিনেতা ও নির্মাতা জোসেফ গর্ডন-লেভিট। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সৃজনশীল ক্ষেত্রে এর সম্ভাবনা নিয়ে কাজের জন্য তাদের তালিকায় রাখা হয়েছে।
এবারের ‘এআই ১০০’ তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিস্তৃত চিত্রও উঠে এসেছে। হার্ডওয়্যার, বৃহৎ ভাষা মডেল, রোবোটিকস, ভোক্তা প্রযুক্তি, গবেষণা, নীতিনির্ধারণ এবং সৃজনশীল শিল্প—এআই ইকোসিস্টেমের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রের প্রতিনিধিত্ব রয়েছে তালিকায়।
টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এ প্রযুক্তিকে ঘিরে বিতর্কও বাড়ছে। এমন বাস্তবতায় এআইয়ের উন্নয়ন, ব্যবহার এবং ভবিষ্যতের দিকনির্দেশনায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবারের তালিকায় তাদের সামনে আনাই মূল লক্ষ্য।
এসি//