১১ দলীয় ঐক্যের চট্টগ্রামমুখী ‘লং মার্চ’ শুরু

ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে তাদের কর্মসূচিতে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সমাবেশে জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমানের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লং মার্চের বহর শাপলা চত্বর থেকে রওনা হয়।

কর্মসূচির নির্ধারিত রুটে কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

সবশেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে লং মার্চের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গণভোট #লং মার্চ