ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ এবং নিখোঁজ রয়েছেন একজন। নিহত আসাদুল পীরগঞ্জের ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম।
স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুল হকসহ ৫ বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে আসাদুল আহত হয়। বিএসএফের হাতে আটক হয় আরও ২ জন। একজন পালিয়ে আসে। নিখোঁজ রয়েছে আরও একজন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ভারতের ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি নিহতের পরিবার ও বিজিবিকে অবহিত করেছেন।
সীমান্তে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) এ নিয়ে দুই বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওসি আব্দুল হাকিম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। নিহতের পরিবার কিংবা চান্দেরহাট বিজিবি ক্যাম্পের পক্ষ থেকেও থানায় কোনো জানানো হয়নি।
আর/আই