ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) ও মো. আমির হোসেন স্বপন (৩৮)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (১৭ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন।
পরে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একমাত্র ভিকটিম আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেন।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা নিহত ভিকটিম রাসেল শেখের (১৯) পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ, মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের কাছে অর্থ পৌঁছে দেওয়া এবং তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে।
ইতোপূর্বে এ মামলায় গুরুদাস বারই (৪৫) এবং মো. মোতলেব মাতব্বর (৬৮) নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আই/এ