রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
সমাবেশে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা নির্মমভাবে লাঠিপেটা করে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ এবং পরে গভীর রাতে রাজশাহী রেলস্টেশনে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
উদ্ভূত পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ৪ আরএনবি সদস্যকে সাময়িক বরখাস্ত করে। মূলত এই ঘটনার প্রতিবাদেই রেল শ্রমিক ও কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।
আর/আই