যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার পর অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এ বিষয়ে বাংলাদেশি ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিসাসংক্রান্ত এক বার্তায় এই সতর্কতা জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়েছে, মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত হয় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন এবং তার জন্য কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্ব পালনকারী ইমিগ্রেশন কর্মকর্তা।
দূতাবাস জানায়, কেউ যদি নির্ধারিত সময়সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা তাঁর ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
এ কারণে ভিসার সব শর্ত এবং নির্ধারিত অবস্থানের সময়সীমা যথাযথভাবে মেনে চলার জন্য ভিসাধারীদের প্রতি সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
এসি//