দেশজুড়ে

মাইক্রোবাসে তুলে নেয়ার পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতাকে মাইক্রোবাসে করে তুলে নেয়ার পর সড়কের পাশে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বাসিন্দা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে জিসান দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।  কাকারা ইউনিয়নের সাবের সদর বাজারের একটি দোকানের সামনে পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত তাকে জোর করে তুলে নিয়ে যায়। আজ ভোরে মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়

চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি বলেন, ‘জিসানকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার করা না হলে চকরিয়ায় আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন ছাত্রদল নেতারা।

ওসি আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চকরিয়া থানা পুলিশ চার জনকে আটক করেছে।

তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #ছাত্রদল