গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১৫০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সানোয়ার মুন্সী। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারজানি বন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম।
সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে সানোয়ার মুন্সীর গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাইরে থেকে অবৈধভাবে সার আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত রাখা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম জানান, নিয়মের বাইরে গিয়ে অবৈধভাবে সার নিয়ে আসার অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার মজুত করা ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম জানান, অননুমোদিত ব্যবসায়ী হয়েও বিপুল পরিমাণ সার মজুত ও বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা এবং সারগুলো জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
আর/আই