দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এই দামের মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাটও অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। ফলে সর্বশেষ বৃদ্ধির আগে তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছিল।
২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া ওই দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামই কার্যকর ছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার গহনার দাম ভরিতে ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।
এসি//