জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ফেনী সফরে তারেক রহমান

 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে বেলা দেড়টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এছাড়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি কার্যালয়ে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব সৌর প্যানেলের সম্মিলিত সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।

বেলা ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তারেক রহমান। পরে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান