অর্থনীতি

চড়া সবজির বাজার, অপরিবর্তিত মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারে বেশির ভাগ সবজির দামই চড়া। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম, কেজি ২০০ টাকা। আর সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, কেজি ৩০ টাকা। অন্যান্য সাধারণ সবজি কিনতে গুনতে হচ্ছে অন্তত ৭০ টাকা কেজি।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলের মতো সাধারণ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে দেশি শসার দাম তুলনামূলক বেশি, কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।

আগাম শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। অন্যদিকে ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে পেঁপে। লম্বা বেগুন ১০০, গোল বেগুন ১২০ এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বরবটি, ঝিঙে ও করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ ৫০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি।

চড়া দামের সবজির বাজারে কিছুটা স্বস্তি এসেছে কাঁচা মরিচে। কয়েক সপ্তাহ আগেও কেজি ২০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়া মরিচ এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় দাম কমেছে।

এদিকে মুরগি ও ডিমের বাজারে চলতি সপ্তাহে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ডিম ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও মোটামুটি আগের দামই রয়েছে। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২২০ থেকে ২৩০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০, বড় রুই ৪৫০ থেকে ৫০০, ট্যাংরা ৭০০, ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০, বাইম ৬০০ থেকে ৮০০ এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই ৩০০, পোয়া ২৬০ এবং শোল ৭০০ টাকা কেজি।

আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের কিছু ধরন কিনতে গুনতে হচ্ছে ১ হাজার টাকার বেশি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সবজির দাম #বাজার দর