যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু প্রস্তাব পেয়েছে ইরান। তবে তেহরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
রোববার (০৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাত দিনের একটি রোডম্যাপের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের কাছে কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে ওয়াশিংটনকে বুঝতে হবে, একতরফা দাবি চাপিয়ে দিয়ে সময়ক্ষেপণের সুযোগ আর নেই।
তিনি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতার ভিত্তিতে আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।’
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ইরান ‘উত্তেজিত’ বা ‘ভীত’ কোনোটিই নয়। তেহরান সামরিক ও কূটনৈতিক—দুই পথেই এগিয়ে যাবে।
তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ইরান পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে এবং নতুন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেও নিজেদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে।
এর আগে গেল মাসে কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত দেয় ইরান। এর মধ্যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি অর্থ ছাড়, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ এবং ইরানের বিরোধীদের সঙ্গে মার্কিন সহযোগিতা বন্ধ করার শর্ত ছিল। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে মার্কিন হামলা বন্ধের দাবিও জানানো হয়।
গেল ৩০ সেপ্টেম্বর ইরান জানায়, সাত দিনের রোডম্যাপ নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব তারা পেয়েছে। তবে ওই জবাবে প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করা হয়েছে কি না, তা তখন প্রকাশ করেনি তেহরান।
এমএ//