সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (০৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন। নজরুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান।
এর আগে গেল ৫ অক্টোবর নজরুল ইসলামের আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।
শুনানিতে আইনজীবী মাহাবুবুর রহমান বলেন, মামলার বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষেরও জামিনে কোনো আপত্তি নেই। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গেল ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়। সেদিন আদালত মাকছুদা ইসলামকে জামিন দিলেও নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এমএ//