সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবারের (১০ অক্টোবর) এ হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০৯ জন।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন ও বাংলাদেশের দুইজন নাগরিক রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি হুথিদের তৃতীয় হামলা। এর আগে বৃহস্পতিবারের হামলায় তিন সৌদি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে একজন পাইলটও ছিলেন।
এমএ//