সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, আহত ৪ বাংলাদেশি সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি। নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে আনা হবে। কোন জেলা থেকে তারা গেছেন, দেশে তাদের পরিবার আছে; তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আগেও যখন হুথিরা আক্রমণ করেছিল, সেখানে কিন্তু বাংলাদেশের একজন নিহত হয়েছিল। এখন দুইজন নিহত হলেন।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিগত দিনে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছি এরইমধ্যে। আমরা আশা করব যে, এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এই ধরনের মৃত্যু আসলে মেনে নিতে অত্যন্ত কষ্টকর।
তিনি বলেন, মাত্রই দুর্ঘটনাটা ঘটেছে। অবশ্যই সৌদি সরকারের সঙ্গে এবং যারা বাংলাদেশি ভাইয়েরা ওখানে বিভিন্ন কোম্পানিতে তারা চাকরি করেন, সেই কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলতে হবে। সব ফরমালিটিজ কমপ্লিট করে তাদের মরদেহ যাতে তাদের পরিবারের কাছে শিগগিরই সম্ভব দেশে ফেরত আনা যায়, সে ব্যবস্থাটা সরকার অবশ্যই করবে।
আই/এ