জাতীয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

বায়ান্ন প্রতিবেদন

বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। রোজার আগে দুই ধাপে এবং রোজার পর বাকি তিন ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের এই সময়সূচি চূড়ান্ত করা হয়।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি। এরপর রোজার পর তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে থাকা যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, পরিচয়পত্র ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে ছিল।

বৈঠকে জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউনিয়ন পরিষদ নির্বাচন #নির্বাচন কমিশন