পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১২ ঘণ্টা ধরে কাজ করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে চার ফায়ার ফাইটার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
অসুস্থ ফায়ার ফাইটাররা হলেন পলাশী ফায়ার স্টেশনের মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন পুরোপুরি নির্বাপণের জন্য সকালেও ১০টি ইউনিট কাজ করছিল। আগুন নেভানোর কার্যক্রম তখনো চলমান ছিল।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেলে মার্কেটটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সোমবার দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন ফায়ার ফাইটার কাজ করছেন।
তিনি জানান, ঘটনাস্থলের সরু রাস্তা এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নেভানোর কাজে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। বড় অগ্নিনির্বাপণ গাড়ি ও পানিবাহী যান ঘটনাস্থলে নেওয়া কঠিন ছিল। এ ছাড়া ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটি দোকান বা গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এসি//