প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, এখন যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম তৈরি হয়েছে, তাদের বিষয় বিগত দিনের মতোই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই একটা সমাধানের ব্যবস্থার চেষ্টা চলছে। যাতে ভিসার মেয়াদ বাড়িয়ে তারা আবার কর্মসংস্থানে ফিরতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসী কর্মী নিয়ে কাজ করা গবেষণা সংগঠন রামরুর সোনার মানুষ সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ বাড়িয়ে তারা যেনো কর্মস্থলে ফিরতে পারে, সে ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। কিন্তু গত রোববার যে ঘটনাটা ঘটলো সে ঘটনার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মূলত সৌদিসহ মধ্যপ্রাচ্যের সব দেশ এসব ক্ষেত্রে সব সময় আন্তরিক।
তিনি বলেন, তবে এ পরিস্থিতির মধ্যে এ আলোচনা করা কঠিন। কারণ, তারা নিজেরাই একটা দুর্যোগের মধ্যে আছে। তারপরও আশা করি, একটা সমাধান হবে।
আহত ও নিহত কর্মীদের ক্ষতিপূরণের বিষয়ে তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী কিছু কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর বিএমইটির মাধ্যমে নিবন্ধনভুক্ত কর্মীদের কেউ নিহত হলে সরকারিভাবে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
নুরুল হক নুর বলেন, যুদ্ধের কারণে গত কয়েক মাসে লোক পাঠানো কিছুটা কমলেও তা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
আই/এ