আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী শিক্ষিকারও মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

প্রথম দিকে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাদধসের পর ২১ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় আহত ২০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক নারী শিক্ষিকার মরদেহও সেখানে নেওয়া হয়েছে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মিয়া সাঈদ জানান, প্রাদেশিক রাজধানীতে স্কুলের ছাদ ধসে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়েছে বলে জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। পরে উদ্ধারকারী কর্তৃপক্ষের উদ্যোগে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান শুরু হয়। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে।

এদিকে এ দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ। শিক্ষা সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম আগামী শুক্রবার (১৬ অক্টোবর) এর মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনায় নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শিক্ষা সচিব।

সূ্ত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #শিশু #মৃত্যু