মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।
এ সময় ইশরাক হোসেন বলেন, দল যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্যই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান ইশরাক হোসেন। একই সঙ্গে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে এবং এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইশরাক।
তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও জোরালোভাবে কাজ করতে চান।
এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
সম্প্রতি ঢাকা-৬ আসনের গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তার পদত্যাগের বিষয়টি সামনে আসে।
এসি//