বিনোদন

সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের পদ ছাড়ার ঘোষণা চিত্রনায়ক জয় চৌধুরীর

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে আর কাজ করতে চান না বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান জয়। 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। শুধু তাই নয়, হেলালের সহযোগী পরিচয়ে কয়েকজন বহিরাগত তার সামনেই শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং গালাগাল করেছেন।

জয়ের দাবি, এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে জয় চৌধুরী বলেন, ‘যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করেন, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ নয়, সেই নেতার নেতৃত্বে থাকতে চাই না।’

সম্প্রতি এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরীর অংশ না নেওয়াকে কেন্দ্র করে হেলাল খানের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়। রবিবার বিকেলে ওই কর্মসূচিতে জয় ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হেলাল খান।

পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয়কে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল খান। এর সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চলচ্চিত্র #জয় চৌধুরী #হেলাল খান