পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেড বা চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্যদিকে, ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন দুই সদস্য।
সভায় দীর্ঘ আলোচনা হলেও মজুরির অঙ্ক নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।
তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
চেয়ারম্যান আরও জানান, নতুন মজুরি কাঠামোতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে যে বেতন দেয়া হবে, তাতে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন পোশাকশ্রমিকরা।