জাতীয়

চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা, আগামীকাল ২৪ ঘণ্টার ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে টানা তিনদিন ধরে চলা কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। এরই মধ্যে আগামীকাল মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। গত তিন দিন ধরে প্রতিদিন আট ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আন্দোলনে জড়িত ১৬ জনকে বদলি করায় এবং চুক্তি প্রক্রিয়া বাতিলের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক (প্রশাসন) ওমর ফারুককেও চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান বন্দরের শ্রমিক ও কর্মচারীরা

শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ চাচ্ছে বল প্রয়োগ করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা অবিলম্বে এ অন্যায় বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিডার আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক ওমর ফারুকের অপসারণ দাবি করছি। তাদের বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি।

এদিকে চলমান আন্দোলন নিয়ে নৌ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,  চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি করেছে সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম বন্দর