পটুয়াখালীর বাউফলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাউফল থানার ওসি প্রত্যাহার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান নিয়েছেন জামায়াতের সমর্থকরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করলেও। তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানাননি।
স্থানীয়রা জানান, জামায়াতের কয়েকজন কর্মী চন্দ্রদ্বীপ ইউনিয়নে প্রচারণার উদ্দেশে গেলে বিএনপির সমর্থকরা তাদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনার পর এক পোস্টে পটুয়াখালী ২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, চন্দ্রদ্বীপে শহীদুল আলম তালুকদারের সন্ত্রাসীদের হামলায় তাদের অর্ধশতাধিক নারী-পুরুষ মারাত্মক আহত হয়েছেন। থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান চলছে। ওসি প্রত্যাহার ও আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, জামায়াতের পক্ষ থেকে ৫০ জন আহত হওয়ার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। বরং জামায়াতের হামলায় বিএনপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছেন। নেতাকর্মীদের শান্ত রাখার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করছে।
আই/এ