দেশজুড়ে

খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি : শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বক্তব্যে তিনি বলেছেন, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করছি এখান থেকে। অনেকে বলে, ভোটে এমপি হইছেন। আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে পাঁচ লক্ষ মানুষ।

শনিবার (৩০ মে) দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের প্রশাসনিক ক্ষমতা ও প্রভাব জাহির করে বেশ কিছু মন্তব্য করেন

 শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ফাইজলামি করেন মিয়া। শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই; শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। শফিকুল ইসলাম কী জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা (মাথা) গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওন নাই। কী একটা অসভ্য দেশে, কী একটা জাহেল, কী একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে। ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। বেশি বললে সামলাইতে পারবেন না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারতো, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছেএইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনও আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।

সোমবার (১ জুন) বিকেলে এই ভাইরাল ভিডিওর বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ নিজের বক্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, ‘আমার মরহুম বাবা, শ্বশুর এবং স্ত্রীকে নিয়ে যেভাবে চরম মিথ্যা ও অশালীন কথাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা কোনো সুস্থ মানুষের পক্ষে মুখ বুজে মেনে নেওয়া কঠিন। মূলত যারা এই ধরণের নোংরা অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য করেই আমি কিছু কঠোর কথা বলেছি। তবে বক্তৃতায় আমি অনেক ভালো ও গঠনমূলক কথাও বলেছি, যা দুর্ভাগ্যবশত প্রচার করা হচ্ছে না।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী-২ #শফিকুল ইসলাম মাসুদ #জামায়াতে ইসলামী