নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের প্রায় দুই ঘণ্টা পরে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে।
রোববার (৩১ মে) রাতে নলচিরা ঘাটে এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন হান্নান মাসউদ।
স্থানীয়রা জানিয়েছে, রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ফেরি মহানন্দা হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায়। নিয়ম অনুযায়ী যাত্রী, যানবাহন ও পণ্য ওঠানামার কাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ফেরিটির ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দুই ঘণ্টা পর ফেরিটি ঘাট ত্যাগ করে।
যাত্রীদের অভিযোগ, বিকেল থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারাপারের জন্য বুকিং নেওয়া হলেও ঘাটে পৌঁছানোর পর সেগুলো ফেরিতে উঠতে দেওয়া হচ্ছিল না। এতে ফেরিতে অবস্থানরত যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ভ্যাপসা গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।
কয়েকজন অভিযোগ করে বলেন, ফেরি ছাড়তে দেরি হওয়ায় তারা ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি। ফলে অনেককে রাতভর বাস কাউন্টার কিংবা বিভিন্ন স্থানে অপেক্ষা করতে হয়েছে।
ফেরির মাস্টার মোজাম্মেল হক বলেন, ফেরিটি বিকেল ৫টা ৪০ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। সাধারণত লোডিং-আনলোডিংয়ের কাজ শেষ করতে প্রায় ৮০ মিনিট সময় লাগে। তবে আগেই জানানো হয়েছিল যে সংসদ সদস্য আসবেন, এজন্য ফেরি ছাড়তে কিছুটা বিলম্ব হবে। এ কারণে শুরুতে যানবাহন ওঠানো হয়নি। পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত ৮টার পর ফেরিটি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা দেয়।
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, নির্দিষ্ট সময়েই তিনি ফেরিঘাটে পৌঁছেছেন। তাঁকেও ঘাটে পৌঁছানোর পর প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
আর/আই