বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বর্ষীয়ান এই নেতার পরবর্তী জানাজা আগামীকাল (মঙ্গলবার) ভোলায় তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর তাঁর জানাজায় পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও লতিফ সিদ্দিকী।
তোফায়েল আহমেদের ছোট ভায়েরা ডা. বেলায়েত হোসেন মোল্লা বলেন, জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে। আগামীকাল সকালে তাঁকে ভোলায় নেওয়া হবে । সেখানে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
জানাজা শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘রাজনীতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতায় তোফায়েল আহমেদের যে অবদান, তা আমাদের চিরদিন মনে রাখতে হবে। তাঁর সাহসী পদচারণা আমাদের পুনরুজ্জীবিত করবে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। যতদিন বাংলাদেশ আছে ততদিন মানুষের অন্তরে তোফায়েল আহমেদ বেঁচে থাকবেন।’’
প্রসঙ্গত, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আজ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আই/এ