রাজনীতি

নির্বাচনী ব্যয়ের কারণে ঢাকা–১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

বায়ান্ন প্রতিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। ঠিক এই শেষ সময়ে এসে ঢাকা–১৮ আসনের নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, নির্বাচনী ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না হওয়ায় ঢাকা–১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুকে দেয়া বক্তব্যে মান্না বলেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ একটি পরিস্থিতির কারণে তিনি ঢাকা–১৮ এবং বগুড়া–২—এই দুটি আসন থেকেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি জানান, ঢাকা–১৮ একটি বড় নির্বাচনী এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা রয়েছে এবং ভোটার সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ।

তিনি আরও লেখেন, সংসদ নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এই আসনে প্রচারণা ও নির্বাচন পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই ঢাকা–১৮ আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তার জন্য দুঃখ প্রকাশও করেন নাগরিক ঐক্যের এই নেতা।

তবে তিনি জানান, বগুড়া–২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী প্রতিযোগিতায় বহাল আছেন এবং সেখানে তার প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহমুদুর রহমান মান্না #নির্বাচন #নাগরিক ঐক্য