দেশজুড়ে

নির্বাচন ও রমজানের কারণে চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। তবে পরিস্থিতি বিবেচনায় সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি।

এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজানে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রাখতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি পূরণ না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। পরে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত ছিল।

এ সময় ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আন্দোলনকারীরা আবারও কর্মসূচিতে ফেরেন। দুই দিনের বিরতির পর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে নতুন করে লাগাতার ধর্মঘট শুরু হয়। ওইদিন বহির্নোঙরেও কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে— এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ না নেয়ার নিশ্চয়তা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আরব আমিরাত #চট্টগ্রাম বন্দর #ধর্মঘট