জাতীয়

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আশ্বাস

বায়ান্ন প্রতিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে রোববার নির্বাচন কমিশনের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন করা যাবে না। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠি সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছিল, শুধু ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বে থাকা আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

এই সিদ্ধান্ত প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। বিশেষ করে সাংবাদিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যত পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে অভিযোগ ওঠে। টেলিভিশন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) একে ‘হঠকারী সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায়।

সোমবার বিজেসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হলে তাদের পক্ষে সংবাদ সংগ্রহ ও দায়িত্ব পালন প্রায় অসম্ভব হয়ে পড়বে। এতে স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য সংগ্রহের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি এবং তাৎক্ষণিক তথ্য সংগ্রহের প্রধান মাধ্যম হিসেবে মোবাইল ফোন অপরিহার্য। এ ধরনের নিষেধাজ্ঞা গণমাধ্যমের ওপর অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপের শামিল এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

বিজেসি মনে করে, এই নির্দেশনা শুধু সাংবাদিকদের নয়, সাধারণ ভোটারদের ক্ষেত্রেও বিভ্রান্তি ও নিরুৎসাহ সৃষ্টি করতে পারে। এজন্য নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় সংগঠনটি।

এমন প্রেক্ষাপটেই সাংবাদিকদের মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন কমিশন #গণভোট