জাতীয়

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ: ডিআরইউ

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপকে স্বাধীন সাংবাদিকতার ওপর প্রকাশ্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, মোবাইল ফোননির্ভর বর্তমান যুগে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনার যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এ ধরনের সিদ্ধান্ত ভোটের অনিয়ম আড়াল করার সুযোগ সৃষ্টি করবে এবং ভোটগ্রহণের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে গুরুতর সন্দেহের জন্ম দেবে।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মোবাইল ফোন বহনের সুযোগ দেওয়া নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ নয়, বরং এটি একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন নিশ্চিত করার অপরিহার্য অনুষঙ্গ।

নির্বাচন কমিশনের জারি করা বিধিনিষেধ অনুযায়ী ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। বাস্তব ক্ষেত্রে এই নির্দেশনা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্যত অচল করে দেওয়ার শামিল বলে মনে করে ডিআরইউ।

ডিআরইউ’র মতে এ ধরনের সিদ্ধান্ত সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারকে সরাসরি ক্ষুণ্ন করে।

বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ফোন ছাড়া আধুনিক সাংবাদিকতা কল্পনাই করা যায় না। তথ্য সংগ্রহ, তাৎক্ষণিক প্রতিবেদন প্রেরণ, ছবি ও ভিডিও ধারণ, অনিয়ম নথিভুক্তকরণ এবং জরুরি যোগাযোগ—সবকিছুই আজ মোবাইল ফোননির্ভর। সাংবাদিকদের মোবাইল ফোন বহনে বাধা দেওয়া মানে নির্বাচন সংক্রান্ত তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করা এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে জনসমক্ষে অস্বচ্ছ করে তোলা।

ডিআরইউ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, নির্বাচন কমিশনের কিছু নির্দেশনা এবং সেগুলোর মাঠপর্যায়ের প্রয়োগ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পরিকল্পিত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাংবাদিকদের কণ্ঠরোধ করে কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

ডিআরইউ নির্বাচন কমিশনের প্রতি জোরালো দাবি জানাচ্ছে—অবিলম্বে নির্বাচনকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের মোবাইল ফোন বহনের অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই ধরনের বিধিনিষেধকে গণমাধ্যমবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণে বাধ্য হবে ডিআরইউ।

বিবৃতির শেষে ডিআরইউ স্পষ্ট করে জানায়, স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে কোনো ধরনের আপস নেই এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় সংগঠন সর্বাত্মকভাবে সোচ্চার থাকবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #গণভোট #ঢাকা রিপোর্টার্স ইউনি